নিউইয়র্ক টাইমসের এক সম্পাদকীয়তে, টেলিভিশন বিতর্কে “অসম সক্ষমতা” প্রদর্শনের উল্লেখ করে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শীর্ষস্থানীয় মার্কিন সংবাদপত্রটি শুক্রবার, “নিজের দেশের সেবা করার জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানো উচিত” শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বিতর্কের সময়, বাইডেনের কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠেছিল। বেশ কয়েক সেকেন্ড ধরে তিনি শব্দ খুঁজে পাচ্ছিলেন না এবং প্রায়শই ট্রাম্পের সমালোচনার মোকাবিলা করতে হিমশিম খাচ্ছিলেন।
বাইডেনের কর্মক্ষমতা, কয়েকজন ডেমোক্র্যাটকে তাদের মনোনীত প্রার্থীর বিষয়ে সন্দেহ প্রকাশ করতে প্ররোচিত করে।
নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্প যে বিপদ ডেকে আনছেন, দেশের জন্য ঝুঁকি এবং বাইডেনের অসম সামর্থ্যের আলোকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সম্ভব্য মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একজন শক্তিশালী প্রতিপক্ষ প্রয়োজন।
এতে বলা হয় যে, “নির্বাচনী প্রচারে এই বিলম্বে একজন নতুন ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীর জন্য আহ্বান জানানো হালকাভাবে নেয়া কোনো সিদ্ধান্ত নয়।”
তবে পত্রিকাটি জানায় যে, ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে পরিষ্কার পথটি হল বাইডেন যে তার দৌড় চালিয়ে যেতে পারবেন না সেটা স্বীকার করে নেয়া এবং নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করতে তার জায়গায় দাঁড়াতে আরও সক্ষম কাউকে বেছে নেয়ার জন্য একটি প্রক্রিয়া তৈরি করে নেয়া।
বাইডেন অন্যদিকে লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় তিনি বলেন, “আপনি যখন ছিটকে পড়েন তখন আপনি ফিরে আসবেন।”

